শেকসপিয়ারের ১০টি বিখ্যাত নাটক

ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের লেখা বিশ্বের প্রায় সকল ভাষার পাঠকদের কাছেই এখনো আগ্রহের বিষয়। প্রেম, প্রতিশোধ, প্রাসাদ ষড়যন্ত্র এমন মানব চরিত্রের নানা দিক তুলে ধরতে তার লেখাগুলো অনবদ্য।

শেকসপিয়ারের লেখা বলতে মূলত বোঝায় তার রচিত ৩৮টি নাটক এবং ১৫৪টি সনেট কবিতাকে।

শেকসপিয়ারের সেরা দশটি নাটক নিয়ে এই তালিকা।

Hamlet

হ্যামলেট ডেনমার্কের যুবরাজের গল্প, যে তার পিতার আকস্মিক মৃত্যুর পর গভীর সংকটে পড়ে। মায়ের দ্রুত পুনর্বিবাহ ও চাচার সিংহাসন দখল তাকে সন্দেহে ভরিয়ে তোলে। পিতার হত্যার সত্য জানতে পেরে হ্যামলেট প্রতিশোধ নিতে চায়, কিন্তু নৈতিক দ্বন্দ্ব ও সত্য-মিথ্যার প্রশ্নে বারবার থেমে যায়। রাজনীতি, ষড়যন্ত্র ও ব্যক্তিগত যন্ত্রণার মধ্য দিয়ে নাটকটি এগোয়। এটি শুধু প্রতিশোধের গল্প নয়; চিন্তা, বিবেক ও সিদ্ধান্তহীনতার গভীর বিশ্লেষণ।

Macbeth

ম্যাকবেথ এক সাহসী সেনানায়কের পতনের কাহিনি। ভবিষ্যদ্বাণীতে রাজা হওয়ার কথা শুনে তার মধ্যে ক্ষমতার লোভ জাগে। স্ত্রী লেডি ম্যাকবেথের প্ররোচনায় সে রাজাকে হত্যা করে সিংহাসন দখল করে। কিন্তু ক্ষমতার সঙ্গে আসে ভয়, অপরাধবোধ ও সন্দেহ। অতীতের পাপ তাকে তাড়া করে ফেরে, আর সে ক্রমশ নিষ্ঠুর হয়ে ওঠে। নাটকটি দেখায়, সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা মানুষকে কীভাবে নৈতিকভাবে ধ্বংস করে।

Romeo and Juliet

বিশ্ব সাহিত্যে বিখ্যাত প্রেমকাহিনীগুলোর মধ্যে ওপরের দিকে থাকবে রোমিও ও জুলিয়েটের কাহিনী। চরম প্রতিদ্বন্দ্বী দুই শত্রু পরিবারের সন্তানদের প্রেমকাহিনি এটি।

রোমিও ও জুলিয়েট একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও পারিবারিক বিদ্বেষ তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। গোপনে বিয়ে করে তারা শান্তির স্বপ্ন দেখে, কিন্তু ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্যজনক সময় তাদের ট্র্যাজেডির দিকে ঠেলে দেয়।

Othello

ওথেলো ঈর্ষা ও প্রতারণার মর্মান্তিক কাহিনি। সেনাপতি ওথেলো তার স্ত্রী ডেসডিমোনাকে গভীরভাবে ভালোবাসে। কিন্তু বিশ্বাসঘাতক ইয়াগোর মিথ্যা ইঙ্গিত ও ষড়যন্ত্রে ওথেলোর মনে সন্দেহ জন্মায়। প্রমাণ ছাড়াই সে শত্রুর কথা বিশ্বাস করতে শুরু করে এবং নিজের নিয়ন্ত্রণ হারায়। ভালোবাসা রূপ নেয় অবিশ্বাসে, আর তার ফল হয় ভয়াবহ।

King Lear

কিং লিয়ার এক বৃদ্ধ রাজার করুণ পরিণতির গল্প। তিনি তার তিন মেয়ের মধ্যে রাজ্য বণ্টনের জন্য একটি ভালোবাসার পরীক্ষা নেন। মেয়েদের কপট প্রশংসায় তিনি অন্যায়ভাবে রাজ্য বণ্টন করেন এবং বিশ্বাসঘাতকতার শিকার হন।

The Tempest

দ্য টেম্পেস্ট নির্বাসিত শাসক ডিউক প্রোসপেরোর গল্প। বিশ্বাসঘাতকতায় রাজ্য হারিয়ে তিনি এক দ্বীপে আশ্রয় নেন এবং জাদুর মাধ্যমে সেখানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ভাগ্যের ফেরে তার শত্রুরা তার অধীন দ্বীপে উপস্থিত হয়। তখন তিনি প্রতিশোধ নয়, ক্ষমাকে বেছে নেন।

The Taming of the Shrew

দ্য টেমিং অব দ্য শ্রু এক প্রাণবন্ত হাস্যরসাত্মক নাটক। নাটকের মূল চরিত্র ক্যাথেরিন সুন্দরী এবং তার পিতার সম্পদ থাকার পরেও তার মুখরা স্বভাবের কারণে কোনো পুরুষ ক্যাথরিনকে বিয়ে করতে রাজি হয় না। পেত্রুসিও নামের এক ভাগ্যান্বেষী তরুণ মুখরা ক্যাথেরিনকে বিয়ে করে সুখী জীবনের সূচনা করে তারই কৌতুককর এক আনন্দদায়ক কাহিনী এটি।

বাংলাদেশের খ্যাতিমান নাট্যকার মুনীর চৌধুরী এ নাটকের বাংলা রূপ দেন মুখরা রমণী বশীকরণ নামে।

The Comedy of Error

দ্য কমেডি অব এররস শেকসপিয়ারের হাস্যরসাত্মক নাটকগুলোর একটি। জন্মের সময় বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই জোড়া যমজ ভাই একই শহরে উপস্থিত হলে শুরু হয় ভয়াবহ বিভ্রান্তি। একে অন্যকে ভুল মানুষ ভাবায় অভিযোগ, ঝগড়া ও ভুল বোঝাবুঝির হাস্যকর দৃশ্য তৈরি হয়। হাসির আড়ালে রয়েছে পরিবার, পরিচয় ও পুনর্মিলনের গল্প। শেষ পর্যন্ত সব ভুল ভাঙে, আর আনন্দের সমাপ্তি ঘটে। আধুনিক বাংলা গদ্য রচনার শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ নাটকটির বাংলা রূপায়ন করেন ভ্রান্তিবিলাস নামে।

Twelfth Night

এ নাটকের শুরু হয় একটি জাহাজডুবিকে কেন্দ্র করে। জাহাজডুবির শিকার হয় যমজ ভাইবোন ভায়োলা ও সেবাস্তিয়ান। ভায়োলা বেঁচে গিয়ে পুরুষের ছদ্মবেশে নতুন জীবনে প্রবেশ করে। তার চারপাশে গড়ে ওঠে ভুল প্রেম ও ভুল পরিচয়ের জটিল জাল। শেষ পর্যন্ত যমজদের আনন্দময় পুনর্মিলন ও দ্বৈত বিবাহের মাধ্যমে নাটকের সমাপ্তি ঘটে। এটি শেকসপিয়ারের হালকা মেজাজের অন্যতম হাস্যরসাত্মক নাটক।

The Merchant of Venice

দ্য মারচেন্ট অব ভেনিস একটি গভীর নৈতিক প্রশ্নের মুখোমুখি করে আমাদের। একদিকে ইহুদিদের নির্দয় সুদকেন্দ্রীক ব্যবসার নিষ্ঠুরতা অন্যদিকে সামাজিকভাবে নিগৃহের শিকার হওয়া ইহুদিদের অবস্থার এক প্রাণবন্ত দলিল এ নাটকটি।