অনেক সময় আমরা কেবল নিয়ম-কানুনভিত্তিক একটি ধর্ম হিসেবেই ইসলামের সাথে আমাদের পরিচয় ঘটে।
অথচ ইসলামের গভীরতর প্রকাশ ঘটে মানুষের চিন্তা, অনুভব ও অন্তরের অবস্থার মধ্যে। এই অন্তরের অবস্থার কারণেই একজন মুসলিমের বাহ্যিক আচরণে আল্লাহর আনুগত্য ফুটে ওঠে। এই আনুগত্যের জন্ম এবং শুরু হয় আমাদের অন্তরে।
ইসলামের অনুশাসনের দিক নয়, বরং ইসলামের উপলব্ধির দিক তুলে ধরেছে এমন কিছু বইয়ের তালিকা সংকলন করা হলো এখানে।
পড়তে ভালোবাসি – রাগিব সারজানি
আমাদের সমাজে পড়া বিষয়টাকে মহিমান্বিত করতে দেখা যায়। কিন্তু ইসলামের শিক্ষা হলো সমস্ত কাজ উদ্দেশ্যে নির্ভর। উদ্দেশ্য অনুসারেই কাজের ফলাফল নির্ধারিত হয়।
যে কোনো মুসলিমের জন্য পড়ার উদ্দেশ্যগুলো কি তা প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে এ বইয়ে। সেই সাথে একজন মুসলিমের পড়ার ব্যপ্তি কতটা অবারিত হওয়া প্রয়োজন সে সম্পর্কেও ধারণা পাওয়া যায় এ বইয়ে।
বইটি নিঃসন্দেহে ইসলামের একটি প্রায়শ অনুল্লেখিত দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।
এহ্ইয়াউস সুনান – খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
এ বইটির পুরো নাম সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদ’আতের বিসর্জন। বইটি সুন্নাত ও বিদ’আত বিষয়ে বাংলা ভাষায় লিখিত অন্যতম প্রামাণ্য বই।
তবে বইটিতে পাঠকের সাথে রাসূল (সা) এর একান্ত ঘনিষ্ঠ পরিচয় ঘটবে। রাসূল (সা) ও তার সুন্নাতের প্রতি স্বতঃপ্রণোদিত ভালোবাসা তৈরিতে এই বইটি সাহায্য করবে।
‘আল ওয়ালা’ ওয়াল ‘বারা’ – বন্ধুত্ব ও শত্রুতা – ড. ছ্বলিহ ইবনে ফাওযান আল ফাওযান
বন্ধুত্ব ও শত্রুতা একই মুদ্রার এপিঠ ওপিঠ। বন্ধুত্ব ও শত্রুতা যে ঈমানের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত তা আমরা সাধারণ মানুষ খুব কমই অবগত। একজন মুসলিমের অন্তরে ঈমান সংরক্ষণের জন্য এই ছোট বইটি পড়া অবশ্যই উচিত।
মৃত্যু থেকে মহাপ্রলয় ও মহাপ্রলয় থেকে অনন্তজীবন – উমর সুলাইমান আল আশকার
বইটির বিষয়বস্তু অদৃশ্য জগতের ঘটনা প্রবাহ। মৃত্যু, কবরের জীবন, মহাপ্রলয়, এবং তারপরে জান্নাত ও জাহান্নামে মানুষের অনন্ত জীবন শুরু হওয়ার আগের ঘটনাপ্রবাহ কুরআন ও হাদিস নিংড়ে লেখক তুলে এনেছেন গল্পের মতো করে।
ঈমান আনার সাথে সাথে এই গায়েব সংক্রান্ত বিষয়ে জানা সকল মুসলিমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
ঈমান পরিচর্যা – আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন বদর
ঈমান মানুষের সবচেয়ে দামী সম্পদ। এবং এজন্য ঈমানকে পরিচর্যা করার প্রয়োজন হয়। পরিচর্যাহীন ঈমান দুর্বল হতে থাকে এবং এক সময় নিঃশেষ হয়ে যেতে পারে।
আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিয়ম-কানুনের প্রতি যত আগ্রহী ঈমানের প্রতি ততটাই অনাগ্রহী। অথচ যাবতীয় ইবাদতের উদ্দেশ্যে ঈমানকে তাজা রাখা ও আল্লাহর নৈকট্য লাভ।
প্রতিটি মুসলিমের এ বইয়ে আলোচিত বিষয়গুলো জানা অপরিহার্য।
মুমিন ও মুনাফিক – মুহাম্মদ তাকী উসমানী
আল্লাহ তায়ালা মানুষকে তিন ভাগে ভাগ করেছেন: মুমিন, কাফির ও মুনাফিক। এ বইতে কাফির নয় বরং মুমিনের সাথে মিলিয়ে মুনাফিক সম্পর্কে আলোচনা করেছেন মুহাম্মদ তাকী উসমানী। এর সঙ্গত কারণ রয়েছে।
মুমিনের অন্তরে কুফরির ভয় যেমন থাকে তার থেকে বহুগুণে থাকা প্রয়োজন মুনাফেকির ভয়। রাসূল (সা) এর সাহাবাদের একটি বৈশিষ্ট্য ছিলো যে তারা নিজের ভেতরে মুনাফেকি খোঁজ করতেন এবং মুনাফেক হয়ে যাওয়ার ভয়ে ভীত থাকতেন। আমাদের সমাজে আমরা অন্যের মুনাফেকির খোঁজ যতটা করি, নিজেদের মুনাফেকি সম্পর্কে খোঁজ করিই না।
আল-আদাবুল মুফরাদ – ইমাম বুখারী (রা)
ইমাম বুখারীর নাম আসলেই আসে বুখারী শরীফ নামের হাদিসের বিশুদ্ধতম সংকলনের কথা। কিন্তু এর বাইরেও তিনি অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এমনই একটি অবশ্যপাঠ্য বই আল আদাবুল মুফরাদ। বইটি সন্তান লালন-পালনে প্রত্যেক পিতামাতার হ্যান্ডবুক হিসেবে ব্যবহার করা উচিত।
ভুল সংশোধনে নববী পদ্ধতি – মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ
ঈমান আনার পরে একজন মুসলিম প্রতিনিয়ত নানারকম ভুলের ঝুঁকিতে থাকে। অথচ পিতামাতা হিসেবে, অভিভাবক হিসেবে এবং জীবনের নানান ভূমিকায় আমাদের অন্যের ভুল সংশোধনের প্রয়োজন রয়েছে। ভুল সংশোধন ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে আমাদের সম্যক ধারণা নেই বললেই চলে।
কাজেই ভুল সংশোধনের ক্ষেত্রে রাসূল (সা) এর পদ্ধতি সম্পর্কে ধারণা থাকা ভিন্ন এই গুরুত্বপূর্ণ কাজটি সর্বাঙ্গীন সুন্দর হবে তা আশা করা যায় না।
সিরাতুননবী – ড. আলী মুহাম্মাদ সাল্লাবী
সিরাতের অসংখ্য গুরুত্বপূর্ণ ভালো বই রয়েছে। তবে সমকালীন সীরাত গ্রন্থের মধ্যে লেবাননের লেখক আলী মুহাম্মাদ সাল্লাবীর লেখা সিরাতুননবী পাঠককে অত্যন্ত বাস্তব এবং ঘনিষ্ঠভাবে রাসূল (সা) এর সীরাতের ভেতর নিয়ে যাবে।
রাহে বেলায়েত – খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
বইটির আরেকটি নাম আল্লাহ্র নৈকট্য লাভের পথ ও রাসূলুল্লাহর (সা) যিকর ও ওজিফা। বলা যায় বইটি রাসুলুল্লাহ (সা) এ্র সকল যিকর ও ওজিফার একটি সংকলন। কিন্তু এটা কেবলমাত্র একটি সংকলন নয়। বরং আল্লাহর স্মরণ কীভাবে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়ে ওঠে, তাই হৃদয়স্পর্শীভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ বইয়ে।
তাসাউফ ও আত্মশুদ্ধি – মুহাম্মাদ তাকী উসমানী
এ বইটি মূলত বিভিন্ন বক্তব্যের সংকলন। রাহে বেলায়েতের পাশাপাশি বাস্তবজীবনের প্রেক্ষাপটে আত্মশুদ্ধির পথে মুহাম্মদ তাকী উসমানীর প্রজ্ঞাপূর্ণ পরামর্শ ও আলোচনা যে কোনো মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ পাথেয় হিসেবে বিবেচিত হবে।



